অনুকরণ এবং অনুসরণ ... অর্থ কি একই ?

 

Ananya by Amit Biswas

কয়েক বছর আগে ধর্মতলা থেকে একটা 'মরা সাহেবে'র প্যান্ট কিনেছিলাম নেহাত কৌতুহলী মনের ডাকে। তা সেই প্যান্ট বছর দুই প্রচুর ব্যবহার করে যখন  ছিঁড়ে  গেল তখন তার থেকে টুকরো টুকরো ক্যানভাস বানালুম ... তার উপর কয়েকটি কাজও করেছিলাম। সম্প্রতি একটি বহু পকেট যুক্ত হাফ প্যান্ট কিনলুম বেশ কিছু অর্থদন্ড দিয়ে যেটি দেখতে অনেকটা বিদেশি প্যান্টের মতন, সপ্তাহ খানেক ব্যবহারের পর থেকে তার চেন, সেলাই, ঝোলানো কাপড়ের টুকরো একে একে দেহত্যাগ করে জঞ্জালের সদস্যপদ গ্রহণ করল ... 

Song of Death by Amit Biswas

সম্প্রতি internet -এর দৌলতে বিদেশি শিল্পবস্তুকে আমরা macro mode এ দেখতে পাই, ফলে নতুন ভাবনার সাথে তার রচনার গুণগত মানের কিছু অংশ অনুভব করা সম্ভব। দেখতে পাই তার রঙের সমতা বিভাজন, পালিশ, পাতিনার সুক্ষ পরিবর্তনও। আমাদের একটি ধারণা আছে বিদেশে যা কিছু হয় সেইটাই অত্যাধুনিক  আর সেটাই যদি আমি আমার কাজে দেখাতে পারি তবে আমি আমার এলাকার সমসাময়িক শিল্পীদের চেয়ে অনেক এগিয়ে তা প্রমাণ করবে। আমরা স্থান-কাল-পাত্র ভুলে যাই, ভুলে যাই ঐ শিল্পী ঠিক কোন পরিস্থিতিতে কোন ইতিহাসের প্রেক্ষাপটে ঐ শিল্পটি রচনা করেছেন। তাঁর নন্দনবোধ , রঙের সমতা, শৈলীতে নিজস্ব স্বাক্ষর এইগুলি অনুধাবনের কোনো প্রয়োজন আছে বলে মনে করি না, আমার যোগ্যতায় যা আসে সেইটাই টুকে দি হুবহু। তা টোকা জিনিস তো আর আসলের মতন হবে না, হবে আমার সদ্য কেনা প্যান্টের মতন ... 

Karna - the tragic Hero by Amit Biswas

ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। বছর কয়েক আগে এক প্রদর্শনীতে অপর এক সদ্য পরিচিত শিল্পী আমাকে পাকড়াও করলেন 'আপনার কাজে অমুক শিল্পীর মতন'। সাধারণত এই ধরণের প্রশ্নের উত্তর আমি দি না, কিন্তু সেদিন দিলুম। বললাম সেই শিল্পীর কাজ দেখা আছে, মানে ভালো মানের প্রিন্ট অথবা আসল কাজ ? দুইপাশে মাথা নাড়লেন। তা শিল্পীর কোন কাজের মতন লাগছে আমার কাজ ? তুলির আঁচড়, রচনার প্রকরণ, সমতার মিল অথবা রঙের প্যালেট ? এবারও উত্তর এলো না সূচক ... তবে কি করে বললেন ওই শিল্পীর মতন লাগছে আমার কাজ !!! ... না আসলে ওইরকমই তো মনে হলো ... প্রশ্ন করলুম ওনার কাজে কতটা নন্দলাল বসু, কতটা বিনোদবিহারী আর কতটা বেন শান আছে সেটা জানেন ? উনি রণে ভঙ্গ দিলেন ... ফেরার সময় আমি বললুম আপনি যে শিল্পীর নাম বললেন তিনি আছেন আমার ছবির মধ্যে যেমন আছেন নন্দলাল বসু অথবা বিনোদবিহারী অথবা জয়নুল আবেদিন ... অনুজ শিল্পীর কাজে অগ্রজর প্রভাব থাকবে, সেটাই স্বাভাবিক কিন্তু  তারপরই আসে স্থান-কাল-পাত্র প্রসঙ্গ... নন্দলাল বসু আর আমার পরিস্থিতি এবং দেখার ভঙ্গিটা কালচেতনায় অনেকটাই পরিবর্তন ঘটেছে ...  প্রশ্নটা হচ্ছে  আত্তীকরণ করব,  না টুকব ???
Memories from Bangladesh by Amit Biswas

Post a Comment

Previous Post Next Post